কিশোরগঞ্জের ভৈরবে অসুস্থ বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে আল আমিন (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২২ জুন) রাত দেড়টার দিকে পৌর শহরের ভৈরবপুর কেবি হাউস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজ উদ্দিন (৬৫) নরসিংদীর রায়পুরা উপজেলার মনিপুরা গ্রামের বাসিন্দা। তিনি ছেলে আল আমিনকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পাশের রুমের একজন বাসিন্দা চিৎকার শুনে হাফিজ উদ্দিনের কক্ষে যান এবং দরজা তালাবদ্ধ পান। পরে তিনি জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ভৈরব থানা-পুলিশ এসে দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় হাফিজ উদ্দিনের মরদেহ উদ্ধার করে।
ভৈরব থানার উপপরিদর্শক শক্তি মৃধা জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে।
থানার ওসি খন্দকার ফুহাদ রুহানী জানান, আল আমিনকে আটক করা হয়েছে এবং মামলার পর তাকে আদালতে পাঠানো হবে। তদন্ত চলমান রয়েছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
