বিতর্ক মানুষের যুক্তির দক্ষতা তৈরির পাশাপাশি প্রমিত ভাষার ব্যবহারে পারদর্শিতা তৈরি করে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, বিতর্ক মানুষকে ভাবতে শেখায়, সূক্ষ্ম চিন্তায় উদ্বুদ্ধ করে। একটি বিষয়কে নানা মাত্রায় বিবেচনা করার সক্ষমতা তৈরি করে।
আজ শুক্রবার রাজধানীর শিশু একাডেমিতে জাতীয় ন্যাশনাল ডিভেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ) আয়োজিত ১৫তম বিতর্ক উৎসব অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘সারাদেশে বিতর্ক চর্চা প্রসারিত করতে স্কুল পর্যায়ে বিতর্ক ক্লাব গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এর ফলে ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল প্রজন্ম গড়ে উঠবে। আমরা যে যুক্তিবাদী মানুষ তৈরি করতে চাই সেক্ষেত্রে বিতর্ক সহায়ক ভূমিকা পালন করে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ, বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদির, মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, এনডিএফ সভাপতি এ কে এম শোয়েব।
সূত্র: কালের কন্ঠ অনলাইন
দৈনিক সকালবেলা National Daily Newspaper
