কিশোরগঞ্জের ভৈরব আউটার স্টেশন এলাকায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইল ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা–চট্টগ্রাম, ঢাকা–সিলেট, ঢাকা–নোয়াখালী, ঢাকা–কক্সবাজার এবং চট্টগ্রাম–ময়মনসিংহ রেলপথে প্রায় ৮ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেইল (ডাউন) ট্রেনটি মঙ্গলবার দিবাগত রাত ১২টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসে। ভোর আনুমানিক ৩টার দিকে ট্রেনটি ভৈরব বাজার জংশনে যাত্রাবিরতি শেষে ভৈরব স্টেশন অতিক্রম করে আউটার সিগনাল এলাকায় পৌঁছালে একটি বগির দুটি চাকা বিকট শব্দে লাইনচ্যুত হয়।
এই দুর্ঘটনার কারণে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস, আন্তনগর পারাবত এক্সপ্রেস, আন্তনগর উপবন এক্সপ্রেস, তিতাস কমিউটার, উপকূল এক্সপ্রেস, চট্টগ্রাম ও কক্সবাজারগামী সোনার বাংলা এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, মহানগর প্রভাতী এবং কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর প্রভাতীসহ অন্তত ৯ থেকে ১০টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
