আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ। সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান হবে। শপথ অনুষ্ঠান উপলক্ষে ইতিমধ্যে সংসদ ভবন প্রাঙ্গণে আসতে শুরু করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। একই সময়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে।
এমপিদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান আয়োজন করা হবে।অন্যদিকে এমপিদের শপথের পর আজ বিকেল ৪টায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রীদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি।
এবারের নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে পেয়েছে ৬৮টি আসন।
এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছে। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির শপথই আগে পড়ানো হবে।
এদিকে শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীজুড়ে বাড়তি নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে অফিসগামী মানুষদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।পুলিশ জানিয়েছে, অনুষ্ঠান চলাকালে সংসদ ভবন এলাকার খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত থাকবে। যান চলাচল নিয়ন্ত্রণের কারণে সাময়িক অসুবিধা হতে পারে জানিয়ে ডিএমপি বলেছে, বিকল্প সড়ক ব্যবহারের মাধ্যমে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।