অনলাইন ডেস্ক:
আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলন আজ। বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনে ছেয়ে গেছে। কয়েক দিন ধরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা নিজের অনুসারীদের নিয়ে দলীয় কার্যালয়ের সামনে মিছিল করে নিজেদের শক্তি প্রদর্শন করে আসছেন।
মহিলা আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, বর্তমান সভাপতি সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম দুজনেই সভাপতি পদ চাইছেন। বর্তমান কমিটির সহসভাপতি শিরিন নাঈম পুনম, আসমা জেরিন ঝুমু, বনশ্রী বিশ্বাস, স্মৃতি কণাও সভাপতি পদের জন্য দৌড়ঝাঁপ করছেন। সাধারণ সম্পাদক পদ পেতে যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী, শিরিন রুকসানা, শিখা চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্না, ঝর্ণা বাড়ৈ দৌড়ঝাঁপ করছেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
