বাংলাদেশের ভূখণ্ডে মায়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ জানিয়ে ঢাকায় নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মোয়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে এ বিষয়ে কড়া প্রতিবাদ জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন সংলগ্ন সীমান্ত এলাকায় মায়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে ১২ বছর বয়সী এক বাংলাদেশি কন্যাশিশু গুরুতর আহত হয়। এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ।
এ ছাড়া মিয়ানমারের অভ্যন্তরে দেশটির কর্তৃপক্ষ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যা-ই ঘটুক না কেন, তার কোনো প্রভাব যেন বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকায় না পড়ে— সেই বিষয়টি নিশ্চিত করারও দাবি জানায় ঢাকা। জবাবে মায়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মোয়ে জানান, এ ধরনের ঘটনা প্রতিরোধে তার সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই সঙ্গে আহত শিশুটির প্রতি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
