ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও—পঞ্চগড় মহাসড়কে দ্রুতগতির বাসের ধাক্কায় সিএনজি চালক ও তার স্কুলপড়ুয়া মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী থানার খোশবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার খুলিশাকুড়ি পোস্ট অফিসপাড়ার বাসিন্দা মো. আবু মোহাম্মদের ছেলে সিএনজি চালক মো. আশরাফুল ইসলাম (৫০) ও তার মেয়ে মোছা. রুবাইয়া খাতুন (১৫)।
রুবাইয়া বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুল ইসলাম মঙ্গলবার সকালে তার মেয়েকে বিদ্যালয়ে পেঁৗছে দিতে সিএনজিতে করে বের হন। পথে খোশবাজার এলাকায় পেঁৗছালে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির ‘ভিআইপি অটোমোবাইলস প্রাইভেট লিমিটেড’ নামের একটি বাস পেছন দিক থেকে সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে—মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক আশরাফুল ইসলাম মারা যান।
গুরুতর আহত অবস্থায় রুবাইয়াকে স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে বাসের কয়েকজন যাত্রীও আহত হন এবং বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি দুর্ঘটনা। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পেঁৗছায়। বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।” এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
