হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে ইসরায়েল লেবাননে নিজেদের দখল বৈধ করতে চাইতে পারে—এমন আশঙ্কা জানিয়েছেন ইসরায়েলভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক আবেদ আবু শাহদেহ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে তিনি বলেন, ইসরায়েলের পক্ষ থেকে এখন দুই ধরনের অবস্থান দেখা যাচ্ছে।
একদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, দক্ষিণ লেবাননে তাদের সামরিক লক্ষ্য পূরণ হয়েছে। এখন তারা চায়, সরকার লেবাননের সঙ্গে আলোচনায় বসুক।
আবু শাহদেহ জানান, ইসরায়েলি বাহিনী সম্প্রতি একটি মানচিত্র প্রকাশ করেছে, যেখানে লেবাননের সমুদ্রসীমাও দেখানো হয়েছে। তার মতে, এটি আলোচনায় প্রভাব ফেলতে পারে। কারণ ২০২২ সালে ইসরায়েল ও লেবাননের মধ্যে গ্যাস নিয়ে একটি চুক্তি হয়েছিল। অন্যদিকে ইসরায়েলের বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো কূটনৈতিক সমাধানের বিপক্ষে।
তারা লেবানন বা ইরানের সঙ্গে আলোচনার বদলে লিতানি নদীর দক্ষিণের এলাকা দখলে রেখে সেখানে বসতি গড়ার পক্ষে।তিনি আরো বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুঝতে পারছেন, ইসরায়েলের সাধারণ মানুষ দক্ষিণ লেবানন দখলের পক্ষে। তাই বিষয়টি নিয়ে তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তা দেখেই তিনি পরবর্তী পদক্ষেপ নিতে পারেন।