সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ওলামা নগর বারগাঁও এলাকায় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. রতন (৩৫)। তিনি কাঁচপুর ইউনিয়নের মালেক মোল্লার ছেলে বলে জানা গেছে। গত মঙ্গলবার বেলা ১২টার দিকে খালপাড় সংলগ্ন বেরিবাঁধের পূর্ব পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রতন তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ওলামা নগর বারগাঁও এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
ভাড়া বাসায় থাকাকালীন তিনি একটি ওয়ার্কশপে কাজ করতেন। তবে এলাকাবাসীর ভাষ্যমতে, তিনি মাদকাসক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, নিহত রতনের গলায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে, যা স্পষ্টত হত্যার ইঙ্গিত দেয়। তিনি বলেন, “নিহত রতন একজন মাদকসেবী ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। আমরা তদন্ত শুরু করেছি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।” এদিকে এ ঘটনা ঘিরে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
