কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচ শতাধিক বসতঘর ও বিভিন্ন স্থাপনা সম্পূর্ণভাবে আগুনে পুড়ে গেছে বলে জানা গেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় ক্যাম্পজুড়ে আতঙ্ক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত আনুমানিক তিনটার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক পরিবার ঘর থেকে কোনো জিনিসপত্র উদ্ধার করার সুযোগ পায়নি।
রোহিঙ্গা কমিউনিটি নেতা মোহাম্মদ আজিজ বলেন, ‘অগ্নিকাণ্ডে পাঁচ শতাধিক পরিবার তাদের সবকিছু হারিয়েছে। বর্তমানে তারা খোলা আকাশের নিচে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে।’
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, প্রায় চার ঘণ্টার চেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার চুলা থেকে আগুনের উৎপত্তি হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
