মেহেরুবান হাবিব
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র বিশেষ অভিযানে তিনজন চিহ্নিত চোরাকারবারিকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে সীমান্তকেন্দ্রিক চোরাচালান কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ নাজিরগোমানী বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ০১ জানুয়ারি ২০২৬ তারিখ গভীর রাতে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, ওই রাতে নাজিরগোমানী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানের প্রস্তুতির তথ্য পেয়ে একটি বিশেষ টহল দল সতর্ক অবস্থান গ্রহণ করে। পরে সীমান্ত পিলার ৮৬৮/৫-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোহাম্মদপুর এলাকায় গতিবিধি সন্দেহজনক হলে বিজিবি সদস্যরা কৌশলগতভাবে অভিযান চালিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হয়।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে চোরাচালান কাজে ব্যবহৃত ০২টি মোটরসাইকেল ও ০২টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্ত পেরিয়ে অবৈধভাবে মালামাল আনা–নেওয়ার কাজে এসব মোটরসাইকেল ও মোবাইল ফোন ব্যবহার করা হতো।আটককৃতদের পরিচয়- ১) মোঃ আব্দুল জলিল (৪৬), পিতা: মোঃ মতিয়ার রহমান ২) মোঃ মহিদুল ইসলাম (৩০), পিতা: আইজুদ্দীন ৩) মোঃ আবেদার আলী (৩৩), পিতা: মোঃ হামিদুল ইসলাম। তাদের সবার বাড়ি একই ইউনিয়নে।
বিজিবি জানায়, আটককৃতদের বসতবাড়ি সীমান্ত এলাকা থেকে তুলনামূলক দূরে হলেও তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় সক্রিয়ভাবে চোরাচালান কার্যক্রম পরিচালনা করে আসছিল। সীমান্তে নজরদারি যখন দুর্বল মনে হয়, এমন সময় ও স্থানে তারা সংঘবদ্ধভাবে কার্যক্রম চালাত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
বিজিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্যমতে, অভিযানে জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ২,৫৪,৫৮০ টাকা (দুই লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশত আশি টাকা)। থানায় হস্তান্তর, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযান শেষে আটককৃত আসামি ও জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তাদের সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে টহল ও গোয়েন্দা তৎপরতা আগের তুলনায় জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
