প্রশাসন নিয়ে চট্টগ্রামের জামায়াতে ইসলামীর আলোচিত নেতা শাহজাহান চৌধুরীর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ)।
প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠনটি বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায়। শাহজাহান চৌধুরী চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী।
বিএএসএর সভাপতি ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সই করা বিবৃতিতে বলা হয়েছে, বিএএসএ নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি ও দায়িত্বশীল ভূমিকা পালনে এবং সর্বোচ্চ নিরপেক্ষতা ও পেশাদারির সঙ্গে নির্বাচন কমিশনকে সব সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
‘কিন্তু সম্প্রতি দুঃখজনকভাবে লক্ষ করা যাচ্ছে যে, রাজনৈতিক প্রচারণায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমের টক শো বা আলোচনায় অংশগ্রহণকারীরা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সম্পর্কে বিভ্রান্তিকর, উদ্দেশ্যমূলক বা রাজনৈতিকভাবে প্রভাবিত মন্তব্য করছেন।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, সম্প্রতি চট্টগ্রামের এক রাজনৈতিক জনসভায় শাহজাহান চৌধুরীর সরকারি প্রশাসনযন্ত্রকে অনিয়মতান্ত্রিকভাবে ব্যবহারের মানসে এক অনভিপ্রেত বক্তব্য আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
