প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ নওয়াফ আল-আহমাদ আল-সাবাহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন, যা সময়ের সঙ্গে সঙ্গে গভীরতা ও মাত্রায় বৃদ্ধি পাচ্ছে।
প্রধানমন্ত্রীর প্রেস শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপকালে উভয় নেতা এই অভিমত ব্যক্ত করেন। দুই নেতা দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।
কুয়েতের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তাঁর মাধ্যমে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে তাঁর শুভেচ্ছা জানান।
শেখ হাসিনা টেলিফোন করার জন্য প্রধানমন্ত্রী আল-সাবাহকে ধন্যবাদ জানান এবং তাঁকে ও কুয়েতের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান। তিনি আনন্দের সঙ্গে উল্লেখ করেন, কুয়েতে কর্মরত বাংলাদেশিরা এবং কুয়েত সেনাবাহিনীতে ‘বাংলাদেশ কন্টিনজেন্ট’ দীর্ঘদিনের অংশীদারির উত্তরাধিকার ও শক্তিমত্তারই স্বীকৃতি।
উভয় নেতা ব্যাংককে ২০২৩ সালের জুলাইয়ের প্রথম দিকে পরবর্তী সাধারণ পরিষদের বৈঠকে পারস্পরিক প্রত্যাশা নিয়ে অলিম্পিক কাউন্সিল অব এশিয়াতে (ওসিএ) একসঙ্গে কাজ করতে সম্মত হন।
দুই নেতার শুভেচ্ছা বিনিময়, পরস্পরের সুস্থ জীবন এবং দুই দেশের জনগণের উত্তরোত্তর সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে টেলিফোন আলাপ শেষ হয়।
সূত্র: বাসস
দৈনিক সকালবেলা National Daily Newspaper
