Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সিলেটে সাংবাদিককে ‘ডেভিল’ আখ্যা দিয়ে লাঞ্ছিতের অভিযোগ
--প্রাণে বাঁচতে পানিতে নামেন সাংবাদিক আহাদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সিলেটে সাংবাদিককে ‘ডেভিল’ আখ্যা দিয়ে লাঞ্ছিতের অভিযোগ

অনলাইন ডেস্কঃ

সিলেটের গোলাপগঞ্জে মব সৃষ্টি করে আব্দুল আহাদ নামে এক সাংবাদিককে ‘ডেভিল’ আখ্যা দিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কাওসার নামে একজনের বিরুদ্ধে। গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে গোলাপগঞ্জ পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের দাড়িপাতন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক আব্দুল আহাদ জানান, দুপুর পৌনে একটার দিকে দাড়িপাতন এলাকায় মসজিদের সামনে গাড়ি থেকে নামেন তিনি। এ সময় জনৈক কাওসার ও তার দুই ভাই মোটরসাইকেলে এসে তার ওপর হামলা চালানোর চেষ্টা করেন।

এ বিষয়ে জানতে সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এদিকে ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

রবিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাংবাদিক আহাদের লাঞ্ছিতের ঘটনাটি তুলে ধরেছেন।

‘মব সন্ত্রাসের শিকার সাংবাদিক আহাদ’ শিরোনামে দেওয়া ওই পোস্টে আবু জাফর লিখেন, ‘এবার মব সন্ত্রাসীর কবলে সিলেটের গোলাপগঞ্জের সাংবাদিক আব্দুল আহাদ। তিনি দীর্ঘদিনের সাংবাদিক। মব সৃষ্টি করে তাকে ডেভিল বলে দীর্ঘ রাস্তা দৌড়ে পালাতে বাধ্য করেছে।

দীর্ঘ ৩০ বছর ধরে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করা একজন গণমাধ্যমকর্মী হিসেবে সকল রাজনৈতিক দলের সঙ্গে সু-সম্পর্ক থাকা অপরাধের কিছু নয়। আহাদও তাই করেছেন। এ জন্য কিভাবে তিনি ডেভিল হলেন?’

তিনি পোস্টে আরো উল্লেখ করেন, ‘সন্ত্রাসী যে ছেলেটা মব সৃষ্টি করেছে, তার নাম কাওসার।

সে আব্দুল আহাদকে পুলিশের ভয় দেখিয়ে অনেক জায়গা দৌড়ে নিয়ে গেছে। তাকে নিয়ে নানা কটূক্তি করেছে পাশাপাশি ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে মব সৃষ্টিকারী তার প্রমাণ নিজেই দিয়েছে! মব সন্ত্রাসীর পশুতুল্য আক্রমণে আহাদের এমন অবস্থা হয়েছিল সে দৌড়ে গিয়ে ধানক্ষেত কিংবা পানিতে আশ্রয় নিতে চাইলেও পুলিশ তার চারিদিক ঘিরে ফেলেছে এই ভয় দেখিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আহত এবং লাঞ্ছিত করে।ছবিটি মব সন্ত্রাসের শিকার সংবাদকর্মী আহাদের। তার অসহায়ত্বের ভিডিওগুলো প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়ে নাড়া দেবে। আহাদের অসহায়ত্ব যারা দেখেছেন তারা কি কেউ মব সৃষ্টিকারির পক্ষে যাবেন? আইন কারো হাতে তুলে নেওয়ার ক্ষমতা রাষ্ট্র কাউকে দেয় নাই।’

তিনি বলেন, ‘কে এই কাওসার? তাকে এই সাহস কে যুগিয়েছে? তাকে আইনের আওতায় এনে বিচারের দাবি করছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। আমরা আশা করছি, পুলিশ কাওসারের পরিচয় নিশ্চিত করে একজন সিনিয়র সাংবাদিককে কার স্বার্থে এ ধরনের হেনস্তার ভিডিও প্রচার করে সম্মানহানি ঘটালো, তা বের করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

About Syed Enamul Huq

Leave a Reply