তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন পছন্দ নয়, এমন কিছু ব্যক্তি ও গোষ্ঠী দেশে-বিদেশে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। তবে যত অপপ্রচারই হোক, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীতেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে এবং দেশের উন্নয়ন অব্যাহত রাখবে।’
কানাডার টরন্টোতে বাংলাদেশ আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে দেশটির স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এসময় ড. হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে যত অপপ্রচার হয় তার বেশিরভাগই হয় বিদেশ থেকে।
অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিটন মাসুদের পরিচালনায় কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার হোসেন, অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুকী হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
প্রবাসীদের কানাডার মূলধারার রাজনীতিতে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘কানাডার মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত এবং সক্রিয় হয়ে আপনারা বাংলাদেশের উন্নয়নে আরো বেশি অবদান রাখতে পারবেন।’
কানাডাপ্রবাসী মোহাম্মদ আমিন মিয়া, শাহাবুদ্দিন আহমেদ, শওগাত আলী সাগর, গিয়াসউদ্দিন আহমেদ, শফি আহমেদ, এ এম এম তোহা, সাজ্জাদ হোসাইন, জহিরুল হক চৌধুরী, কাজী জহিরউদ্দিন, মিনারা বেগম প্রমুখ আলোচনায় অংশ নেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
