পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজার ২০৭ বাংলাদেশি হজযাত্রী। এদের মধ্যে ৭ জন মারা গেছেন।
আজ বুধবার (২৯ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।জানা গেছে, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৬৯৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ৫০৮ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।
যারা মারা গেছেন তাদের মধ্যে রয়েছেন— মো. শামসুল আলম (৬৩)। তার বাড়ি রংপুরের কোতোয়ালিতে। মঙ্গলবার মদিনায় তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। শামসুল আলম সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী। এটিই সরকারি ব্যবস্থাপনার কোনো হজযাত্রীর প্রথম মৃত্যু।
এ ছাড়া ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪) এবং ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫) মারা যান।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
