বরিশাল প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামে স্ত্রীর স্বীকৃতি দাবিতে সৌদি প্রবাসীর বাড়িতে অনশন শুরু করেছেন সাবিনা আক্তার বৃষ্টি (২০) নামের এক যুবতী। অভিযোগের পর থেকে ছুটিতে বাড়ি আসা প্রবাসী যুবক জলিল হাওলাদার এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। সাবিনা জানান, ২০২১ সাল থেকে জলিলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। ২০২৩ সালের জানুয়ারিতে বরাকোঠা এলাকার এক কাজী অফিসে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে হয়। এর পর থেকে তারা স্বামী—স্ত্রীর মতোই মোবাইলে নিয়মিত যোগাযোগ করতেন। স¤প্রতি জলিল দেশে ফিরে অন্যত্র বিয়ের উদ্যোগ নেন। বিষয়টি জানতে পেরে সোমবার বিকেল থেকে সাবিনা তার বাড়িতে স্ত্রীর স্বীকৃতি দাবিতে অনশন শুরু করেন। অভিযোগ বিষয়ে অভিযুক্ত জলিল হাওলাদারের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে জলিলের বাবা রহিম হাওলাদার দাবি করেন, “বৃষ্টি একটি ভুয়া কাবিননামা তৈরি করেছে। যদি বিয়ে করেই থাকতো, তাহলে জলিল পালিয়ে যেত না।” গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, “এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
দৈনিক সকালবেলা National Daily Newspaper
