অনলাইন ডেস্ক:
সম্পর্ককে আরো এগিয়ে নিতে প্রথম বারের মতো রাজনৈতিক সংলাপে বসেছে বাংলাদেশ ও সৌদি আরব। আজ বুধবার সকাল পৌনে ১১টায় সোনারগাঁ হোটেল এই সংলাপ শুরু হয়েছে। এতে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করেন।
আজ দুপুরে ঢাকা ছাড়ার আগে তিনি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে সৌদি ভাষা শিক্ষা ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান, সৌদি আরব বাংলাদেশে ৭০০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে। সৌদি বিনিয়োগকারীরা এ দেশে তেল শোধনাগার, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, এলএনজি টার্মিনাল, বিদ্যুৎ কেন্দ্র, খাদ্য ও ওষুধ শিল্প, সড়ক ও রেলপথ নির্মাণ, পোতাশ্রয় নির্মাণ, সামরিক ও বেসামরিক এয়ারক্রাফট রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ নির্মাণ, সার ও সৌর বিদ্যুত্ খাতে বিনিয়োগ করতে চায়।
রাষ্ট্রদূত বলেন, সৌদি প্রতিষ্ঠান আকওয়া পাওয়ার ইতিমধ্যে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ৬০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে ৩৫০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। সৌদি রেড সি গেটওয়ে টার্মিনাল বাংলাদেশে ১২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে চায়।
সূত্র: কালের কন্ঠ অনলাইন
দৈনিক সকালবেলা National Daily Newspaper
