গাম্বিয়া সফর শেষে শুক্রবার (১৬ জুন) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সফরকালে তিনি গাম্বিয়ার প্রেসিডেন্ট আদামা বারো, ডেপুটি স্পিকার স্যাডি এসকে নেয়ই, চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াঙ্কুবা এ ড্রামেহ, প্রতিরক্ষামন্ত্রী শেখ ওমর ফাই ও পররাষ্ট্রমন্ত্রী মামাদৌ টাঙ্গারার সঙ্গে সাক্ষাৎ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গাম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান এই সফর পরিকল্পনা এবং তা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানান। সেনাপ্রধান তাঁকে আশ্বস্ত করে বলেন, ‘সহ-মোতায়েনের’ উদ্যোগকে বাস্তবায়িত করতে বাংলাদেশ সেনাবাহিনী ভ্রাতৃপ্রতিম গাম্বিয়ান সশস্ত্র বাহিনীকে সব ধরনের সহায়তা করবে।
এটি আগামী দিনের শান্তি রক্ষা কার্যক্রমে সবার জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।
উল্লেখ্য, জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে প্রথমবারের মতো বাংলাদেশ ও গাম্বিয়া সেনাবাহিনীর যৌথ কন্টিনজেন্ট মোতায়েনের জন্য গাম্বিয়ার প্রস্তাবনার ভিত্তিতে গাম্বিয়া সেনাবাহিনীর সক্ষমতা যাচাই ও পরবর্তী পন্থা নির্ধারণের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এই সফর অনুষ্ঠিত হয়।
সূত্র: কালের কন্ঠ অনলাইন
দৈনিক সকালবেলা National Daily Newspaper
