বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি তার দেশে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সংক্রান্ত সমস্যা দ্রুত সুরাহার আশ্বাস দিয়েছেন।
গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন রাষ্টদূত।
পররাষ্ট্র সচিব শ্রমশক্তির মসৃণ গতিশীলতা নিশ্চিত করতে আমিরাতের রাষ্ট্রদূতকে মুলতবি থাকা কর্মসংস্থান ভিসার আবেদনসহ ভিসা সংক্রান্ত বিধিনিষেধ সমস্যা সমাধানের আহ্বান জানালে, জবাবে রাষ্ট্রদূত ভিসা সংক্রান্ত সমস্যা দ্রুত সুরাহার এ আশ্বাস দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, ভিসা পদ্ধতি সহজীকরণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে সামাজিক কল্যাণমূলক প্রকল্পসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কাজ করার ওপর দৃষ্টি নিবন্ধ করা হয়।
পররাষ্ট্র সচিব সংযুক্ত আরব আমিরাত থেকে প্রাপ্ত উল্লেখযোগ্য রেমিট্যান্সের প্রশংসা করেন এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্বীকার করেন।
এছাড়া উভয় পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে উচ্চ পর্যায়ের রাজনৈতিক বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করে।
পররাষ্ট্র সচিব জোর দিয়ে বলেন, দুই দেশের মধ্যকার বন্ধুত্ব সময় ও পরিস্থিতির পরিবর্তন নির্বিশেষে অবিচল, গভীর ও অটুট রয়েছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
