Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মোহাম্মদপুর থেকে গ্রেফতার
মোহাম্মদপুর থেকে গ্রেফতার

মোহাম্মদপুর থেকে গ্রেফতার

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা ও নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর রহমান মঞ্জু হত্যার ঘটনায় দীর্ঘদিন পলাতক থাকা প্রধান আসামি হাসান আলী টুমনকে অবশেষে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। গতকাল সোমবার দুপুরে টুমনকে নাটোর আদালতে হাজির করা হয়।

গ্রেফতারকৃত হাসান আলী টুমন লালপুর উপজেলার শিবপুর খাঁপাড়া গ্রামের মোজাফফর আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩০ মে রাত দশটার দিকে লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনের পাশে একটি চায়ের দোকানে আড্ডার সময় কয়েকজন দুর্বৃত্ত মনজুর রহমান মঞ্জুর মাথায় ও পেটে পিস্তল ঠেকিয়ে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। পরে, ২০২৪ সালের ২ জুন নিহত মনজুর রহমানের ভাই ও ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করলেও, প্রধান আসামি টুমন পলাতক ছিল।
ডিবি পুলিশ জানায়, টুমনের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেয়ে মোহাম্মদপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে তাকে গ্রেফতার করে নাটোরে নিয়ে আসা হয় এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, “মামলার তদন্ত অব্যাহত আছে। আরও যেসব আসামি পলাতক রয়েছে, তাদের ধরতে অভিযান চলবে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।”এদিকে আওয়ামী লীগ নেতা মঞ্জুর হত্যার প্রধান আসামির গ্রেফতারে স্বজন ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে তারা এই হত্যার পেছনের মদতদাতাদেরও দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

About Syed Enamul Huq

Leave a Reply