গণতন্ত্র সম্পর্কে এত যে কথা বলা হয়, তাতে ধারণা করা মোটেই অসংগত নয় যে, গণতন্ত্র জিনিসটা কী- সে বিষয়ে সবাই একমত। সেটা অবশ্য ঠিক নয়। গণতন্ত্র বলতে নানা মত আছে। কেউ ভাবেন গণতন্ত্র হচ্ছে নির্বাচিত সরকার।
গণতন্ত্র চিনতে হয় কয়েকটি উপাদান দিয়ে। উপাদানগুলো আমাদের খুবই পরিচিত; কিন্তু বারবার স্মরণ করা আবশ্যক। এদের মধ্যে প্রথম যেটি, সেটি হলো অধিকার ও সুযোগের সাম্য। তারপর আসে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং অবশ্যই দরকার হবে সব স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের শাসন। এসবই পন্থা। উদ্দেশ্য হচ্ছে ব্যক্তির স্বাধীনতা, নিরাপত্তা ও বিকাশ নিশ্চিত করা। যথার্থ গণতন্ত্রের সঙ্গে তাই সমাজতন্ত্রের কোনো বিরোধ নেই। বলা যায়, আসল পার্থক্যটা নামেরই, অন্য কিছুর নয়। গণতন্ত্রে পৌঁছাবার পথটা যে মসৃণ নয়, তা বলার অপেক্ষা রাখে না। কেন যে মসৃণ নয় তাও বোঝা যায়। মূল কারণ কায়েমি স্বার্থ। যারা ক্ষমতা পেয়ে গেছে, তারা সেটা জনগণের কাছে চলে যাক, এটা কখনই চায় না। চাইবার কথাও নয়। ক্ষমতা তাই শাসকশ্রেণির হাতেই থাকে। এক হাত থেকে অন্য হাতে যায়, কিন্তু বৃত্তের বাইরে যায় না। কায়েমি স্বার্থের বিশ্বব্যাপ্ত একটি রূপ রয়েছে, তার নাম পুঁজিবাদ।
“সামনে থাকা চাই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন। যা জাতি প্রত্যক্ষ করেছে- চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে। যার মাধ্যমে বিগত দেড় দশকের কঠিন স্বৈরাচারের পতন হয়েছে। এবং এখন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে, গণতন্ত্রে উত্তরণের অভিযাত্রা শুরু হয়েছে নতুন বাংলাদেশে”।
পুঁজিবাদের তৎপরতার ভিতরে একটা বক্রাঘাত রয়েছে। ব্যক্তির জন্য স্বাতন্ত্র্যের বোধ তৈরিতে পুঁজিবাদের ভূমিকা আছে। ইহজাগতিকতার চেতনা, মানবতাবাদিতা, মানুষের ভিতর বিশ্বজয়ের আকাঙ্ক্ষা এসব পুঁজিবাদের অবদান বৈকি। কিন্তু সেই পুঁজিবাদই আবার মানুষকে বন্দি করে ফেলেছে তার নিজের শাসনে। যারা উৎপাদন করে তারা বঞ্চিত হয়। অথচ পুঁজি আসে শ্রমজীবী মানুষের তৈরি উদ্বৃত্ত মূল্য থেকেই।
গণতন্ত্রের কথা পুঁজিবাদ গলা ফাটিয়ে বলে। বলতেই থাকে; থামে না। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এদেশে-ওদেশে গিয়ে সে হানা দেয়। মানুষ মারে। কিন্তু যার প্রতিষ্ঠা ঘটায়, তা হলো পুঁজির স্বেচ্ছাচার। পুঁজিবাদীরা ঋণ দেয়। তাদের আছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ বিভিন্ন সংস্থা। পুঁজিবাদীদের অধীনস্থ এনজিওগুলোও ঋণ দিয়ে থাকে। বিশ্ব পুঁজিবাদ রাষ্ট্রকে আটকায় ঋণের জালে, ক্ষুদ্র ঋণদাতারা গরিব মানুষকে বেঁধে ফেলে বিভিন্ন ধরনের দড়িতে। মূল পুঁজিটা আসে কোথা থেকে? আসে লুণ্ঠন ও জবরদখল থেকে। যে উৎপাদনকারীদের কাছ থেকে টাকা আসে, তাদেরই ঋণ দেওয়া হয়, নতুনভাবে শোষণের ইচ্ছায়। মাছের তেলে মাছ ভাজা হয়, ভক্ষণের স্বার্থে। এনজিওগুলোর আসল কাজ দারিদ্র্য-বিমোচন নয়। আসল কাজ হচ্ছে একদিকে সেবক ও ক্রেতা সৃষ্টি করা, অন্যদিকে মানুষকে পুঁজিবাদী আদর্শে দীক্ষিত অবস্থায় রাখা।
আর আছে বাণিজ্য। মুনাফা লাভের যত বৈধ উপায় আছে, তার মধ্যে বাণিজ্যের অস্ত্র সবচেয়ে ধারালো। পুঁজিবাদ বিশ্বব্যাপী বাণিজ্য চালাচ্ছে; বলছে বাণিজ্য হবে উন্মুক্ত। কিন্তু কার্যক্ষেত্রে যা দেখা যাচ্ছে, তা হচ্ছে ধনী দেশের পণ্য গরিব দেশে বিক্রি করা। এর জন্য পুঁজিবাদীরা তাদের নিজেদের উৎপাদনের ক্ষেত্রে ভর্তুকি দেয়, বৃহৎ পরিমাণ উৎপাদনের সুযোগ দিয়ে উৎপাদন ব্যয় কমায়, গরিব দেশের শ্রম ভাড়ায় খাটায় এবং বিজ্ঞাপনের বিশাল আয়োজন করে। পাশাপাশি গরিব দেশের পণ্য যাতে ধনী দেশে ঢুকতে না পারে, তার জন্য নানা রকম বিধি-বন্দোবস্ত ও অজুহাত খাড়া করে রাখে।
পুঁজিবাদীরা অবাধে জ্বালানি পোড়ায়। পরিবেশ নষ্ট করে। যে-সমুদ্র মানুষের বন্ধু হওয়ার কথা, তাকে শত্রুতে পরিণত করে। সমুদ্রের পানি উঁচু হয়, সেখান থেকে ঝড় আসে, বন্যার পানি সহজে নামে না, অন্যদিকে ভূমিতে দেখা দেয় পানির অভাব। আর সমাজ পরিণত হয় জঙ্গলে। যেখানে নিপীড়ন, সংঘর্ষ, ধর্ষণ চলতে থাকে। সব মিলিয়ে মানুষের বিপদ ঘটে। তার মুক্তি আসে না। প্রকৃত অর্থে উন্নতিও ঘটে না। তার বিপদ বাড়ে। প্রকট হয় বিচ্ছিন্নতা ও ভোগবাদিতা। এ ব্যবস্থায় পরিবর্তন আনাই গণতন্ত্রের লক্ষ্য।
আর গণতন্ত্রের পথ তৈরি করার উপায় একটাই। সে হচ্ছে আন্দোলন। জনগণের আন্দোলন, মুক্তির লক্ষ্যে। সে-আন্দোলনকে একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক হতে হবে এবং তার সামনে থাকা চাই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন। যা জাতি প্রত্যক্ষ করেছে- চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে। যার মাধ্যমে বিগত দেড় দশকের কঠিন স্বৈরাচারের পতন হয়েছে। এবং এখন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে, গণতন্ত্রে উত্তরণের অভিযাত্রা শুরু হয়েছে নতুন বাংলাদেশে।
লেখক : ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
দৈনিক সকালবেলা National Daily Newspaper
