মেহেরুবান হাবিব
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, ইস্কাফ সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে ভিন্ন ভিন্ন বিওপির বিশেষ টহলদল দুটি পৃথক অভিযান পরিচালনা করে। এর মধ্যে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে অনন্তপুর বিওপির আওতাধীন পশ্চিম রামখানা এলাকায় (থানা–ফুলবাড়ী, জেলা–কুড়িগ্রাম) এবং ১৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১টায় দিঘলটারী বিওপির আওতাধীন মান্নানের চৌপতি এলাকায় (থানা–আদিতমারী, জেলা–লালমনিরহাট) অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে টহলদল সন্দেহজনক কয়েকজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে ধাওয়া দিলে চোরাকারবারীরা সঙ্গে থাকা মাদকসামগ্রী ফেলে রেখে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৫ কেজি ভারতীয় গাঁজা, ৪০ বোতল ইস্কাফ সিরাপ এবং ৫০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
১৫ বিজিবির অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত মাদকের মধ্যে ভারতীয় গাঁজার সিজার মূল্য ১৭ হাজার ৫০০ টাকা, ইস্কাফ সিরাপের মূল্য ১৬ হাজার টাকা এবং ট্যাপেন্টাডল ট্যাবলেটের মূল্য ৫০ হাজার টাকা। সব মিলিয়ে মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ টাকা। মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্তে তথ্য সংগ্রহসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
