অনলাইন ডেস্ক:ভারত ও বাংলাদেশ একটি নতুন ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেছেন, ‘একসঙ্গে কাজ করার মাধ্যমে তারা একে অপরকে এবং এই পুরো অঞ্চলকে যৌথ সমৃদ্ধি উপহার দিতে পারে।’শনিবার (৭ মার্চ) ঢাকায় ভারতীয় হাইকমিশন আয়োজিত একটি ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পরে আজ রবিবার হাইকমিশনের ফেসবুক পেজে তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা নিবেদন করেন। এসময় তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সামাজিক ও পারিবারিক বন্ধনের দিকটি বিশেষভাবে তুলে ধরেন।হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুটি দেশের সম্পর্ককে সত্যিকার অর্থেই জনগণকেন্দ্রিক করে তুলেছে এবং যার ভিত্তি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের অভিন্ন আত্মত্যাগের মধ্যে নিহিত রয়েছে।’তিনি বলেন, ‘দুটি উচ্চাকাঙ্ক্ষী ও অগ্রসরমান সমাজ হিসেবে ভারত ও বাংলাদেশ একটি নতুন ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে, যেখানে একসঙ্গে কাজ করার মাধ্যমে তারা একে অপরকে এবং এই সমগ্র অঞ্চলটিকে যৌথ সমৃদ্ধি উপহার প্রদান করতে পারে।
হাইকমিশনার একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা ব্যক্ত করেন এবং অনুষ্ঠানে আগত অতিথিদের উপস্থিতিকে দেশ দুটির মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনকে আরো দৃঢ় করার লক্ষ্যে যৌথ অঙ্গীকারের পুনর্ব্যক্ত হিসেবে বর্ণনা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকার ও রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়িক মহলের প্রতিনিধি, সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তি, গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ, চিন্তাবিদ ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সমাজের সব স্তরের অতিথিরা উপস্থিত ছিলেন।