রাষ্ট্রক্ষমতায় আরোহণ কোনো রাজনৈতিক দলের জন্য চূড়ান্ত সাফল্য নয়; বরং সেটিই একটি নতুন পরীক্ষার সূচনা। নির্বাচনী প্রতিশ্রুতি, জন-আকাঙ্ক্ষা এবং দীর্ঘদিনের সংগ্রামের পর যখন একটি দল সরকার গঠন করে, তখন জনগণের প্রত্যাশা বহুগুণ বেড়ে যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন, নির্যাতন ও প্রতিকূলতার মধ্য দিয়ে বিএনপি এখন রাষ্ট্রক্ষমতায়।
বিএনপির জন্য করণীয়
দল ও সরকারের মধ্যে স্পষ্ট বিভাজন : সরকার পরিচালনা এবং দল পরিচালনা—এই দুটি ক্ষেত্রকে আলাদা রাখতে হবে। দলকে একটি স্বাধীন রাজনৈতিক সত্তা হিসেবে কার্যকর রাখতে হবে।
তৃণমূলের সঙ্গে পুনঃসংযোগ : নিয়মিত সাংগঠনিক সফর, কর্মীদের সঙ্গে সরাসরি সংলাপ, অভিযোগ ও পরামর্শ গ্রহণের ব্যবস্থা চালু করলে আস্থার সংকট দূর হবে।
সাংগঠনিক পুনর্গঠন : জেলা ও উপজেলা পর্যায়ে নতুন নেতৃত্ব তৈরি, যোগ্য ও কর্মীবান্ধব নেতাদের দায়িত্ব দেওয়া গেলে দল শক্তিশালী হবে।
অভ্যন্তরীণ গণতন্ত্র নিশ্চিত করা : দলের ভেতরে মতপ্রকাশের স্বাধীনতা থাকতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি অনুসরণ করা গেলে দীর্ঘমেয়াদে দল লাভবান হবে।
প্রশিক্ষণ ও রাজনৈতিক শিক্ষা : কর্মীদের জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে হবে, যাতে তারা দলের আদর্শ ও নীতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পায়।
তরুণ নেতৃত্বের বিকাশ : যুবসমাজকে রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে। তাদের জন্য নেতৃত্বের সুযোগ তৈরা করা গেলে যোগ্য ও মেধাবী নেতৃত্ব সৃষ্টি হবে।
প্রযুক্তিনির্ভর সংগঠন : ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের সাথে অনলাইন যোগাযোগের মাধ্যমে
তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করা গেলে দল উপকৃত হবে সন্দেহ নেই।
দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধ : ক্ষমতায় গেলে এই দুটি বিষয় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কঠোরভাবে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। একটি আদর্শ রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হলো স্বজনপ্রীতি ও দুর্নীতিমুক্ত প্রশাসন সৃষ্টি। একটি শক্তিশালী রাজনৈতিক দল—জনগণের সঙ্গে সংযুক্ত থাকে আদর্শভিত্তিক রাজনীতি করে, নেতৃত্বে স্বচ্ছতা বজায় রেখে, পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে। বিএনপিকে এই বৈশিষ্ট্যগুলো ধারণ করতে হবে।
বাংলাদেশের রাজনীতি দ্রুত পরিবর্তনশীল। নতুন প্রজন্মের ভোটার, প্রযুক্তির ব্যবহার, সামাজিক পরিবর্তন—সবকিছু মিলিয়ে রাজনৈতিক দলগুলোকে নতুনভাবে ভাবতে হবে। বিএনপির জন্য এটি একটি সুযোগ—নিজেদের পুনর্গঠন করে একটি আধুনিক, জনমুখী ও কার্যকর রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার।
মন্থরতা থেকে গতিশীলতার পথে রাজনীতিতে স্থবিরতা মানেই পিছিয়ে পড়া। সরকার গঠনের পর যদি দলীয় রাজনীতি মন্থর হয়ে পড়ে, তাহলে সেই অর্জন দীর্ঘস্থায়ী হয় না। বিএনপির উচিত—এই বাস্তবতা উপলব্ধি করে দ্রুত পদক্ষেপ নেওয়া। কারণ একটি রাজনৈতিক দলের শক্তি শুধু তার ক্ষমতায় নয়, বরং তার সংগঠনে, আদর্শে এবং জনগণের সঙ্গে সম্পর্কের গভীরতায়। অতএব, সময়ের দাবি—মন্থরতা ভেঙে গতিশীল হওয়া, বিচ্ছিন্নতা (যদি হয়ে থাকে) ভেঙে সংযোগ তৈরি করা, এবং ক্ষমতার রাজনীতিকে রূপান্তর করা জনকল্যাণের রাজনীতিতে। তবেই একটি দল কেবল সরকার নয়, ইতিহাসও নির্মাণ করতে পারে।
লেখক : উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
