Friday , 28 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
গাকৃবিকে বৈশ্বিক উচ্চশিক্ষার গ্লোবাল হাব করতে চাই- উপাচার্য
--প্রেরিত ছবি

গাকৃবিকে বৈশ্বিক উচ্চশিক্ষার গ্লোবাল হাব করতে চাই- উপাচার্য

মোঃ ইব্রাহীম খলিল
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে ‘‘Green Campus, Global Minds: International Students Shaping the Future of GAU’ শীর্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের শুধু বিদেশ থেকে আসা শিক্ষার্থী হিসেবে নয়, বরং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক পরিচয় ও ভবিষ্যৎ অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনার ওপর গুরুত্ব দেওয়া হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আইকিউএসি সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে গাকৃবিতে বিএস, এমএস ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত পাকিস্তান, নাইজেরিয়া, ইথিওপিয়া ও নেপাল থেকে আগত শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ ও মতবিনিময় অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ আমজাদ হোসেন এবং সহযোগী পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল আলম। এতে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। এ সময় পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম, রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধাসহ গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান, সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মোঃ আরিফ হোসাঈন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ‘ডিজকভারিং জিএইউ’ শীর্ষক গাকৃবির ঐতিহাসিক অগ্রযাত্রা ও অর্জন বিষয়ে একটি ভিজ্যুয়াল ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উদ্বোধনী বক্তব্য দেন ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। পরে বিদেশি শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক পুরস্কার প্রদান করা হয়। এরপর আলোচকবৃন্দ তাঁদের স্ব-স্ব বিষয়ে আলোচনা উপস্থাপন করেন।
এ সময় উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান ‘আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পৃক্ততায় গড়ে উঠছে বৈশ্বিক গাকৃবি’ শীর্ষক আলোচ্য বিষয়ের অবতারণা করতে গিয়ে বলেন, “আমরা বিদেশি শিক্ষার্থীদের নিয়ে ‘গ্লোবাল মাইন্ডস’ গড়ে তুলতে চাই। তবে তার আগে গাকৃবিকে বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য একটি ‘গ্লোবাল হাব’ হিসেবে গড়ে তুলতে চাই। এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা এসে নিরাপদে, স্বাচ্ছন্দ্যে ও মর্যাদার সঙ্গে পড়াশোনা করতে পারবেন এবং একই সঙ্গে নিজেদের সংস্কৃতি ও অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারবেন।”
অন্যদিকে প্রশিক্ষণের অন্যতম আলোচক গাজীপুরের জেলা প্রশাসক ‘সবুজ গাকৃবি: শান্ত ও দূষণমুক্ত নির্মল ক্যাম্পাস, শিরোনামে আলোচনার এক পর্যায়ে বলেন, “গাজীপুর জেলা প্রশাসন এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করে গাজীপুরকে আরও সবুজায়ন, বসবাসযোগ্য এবং সব ধরনের দূষণমুক্ত করতে চাই।” এ সময় তিনি সরকার ঘোষিত পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং ‘ভালো কাজের ভালো মানুষ’সহ বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গ তুলে ধরে পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
পরে অতিথিবৃন্দের সঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা গাকৃবিতে তাঁদের ক্যাম্পাস জীবনের অভিজ্ঞতা, প্রত্যাশা, বিভিন্ন সমস্যা, সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে অভিমত জানান। শিক্ষার্থীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বশীলগণ। তাঁদের মতামতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে অতিথিদের গ্রুপ ফটোসেশন ও নৈশভোজ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

About Syed Enamul Huq

Leave a Reply