বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যুদ্ধের কারণে পৃথিবীব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। সমগ্র পৃথিবীতে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। কন্টিনেন্টাল ইউরোপে, আমেরিকায় এবং ইউকেতে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সেখানে বিদ্যুতের রেশনিং করা হচ্ছে। বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। সে হিসেবে বাংলাদেশে এখনো উন্নত দেশের চেয়ে বিদ্যুতের দাম কম।
আজ শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, কয়েকদিন আগে বিএনপি যে গণ-অবস্থান কর্মসূচি পালন করল, মিছিল করল সেখানে দেখা গেছে মানুষই নেই। আপনারা দেখবেন হাঁস যখন ডিম পাড়ে, তার আগে অনেক হাঁক-ডাক দেয়। কয়েকদিন আগে বিএনপির সমাবেশ এবং সর্বশেষ যে মিছিল- এগুলো ডিম পাড়া হাঁসের হাঁক-ডাক ছাড়া আর অন্য কিছুই নয়।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, খাদ্যমন্ত্রী ড. সাধন চন্দ্র মজুমদার, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: কালের কন্ঠ অনলাইন
দৈনিক সকালবেলা National Daily Newspaper
