Thursday , 16 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বে/দে নারীদের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ
চাঁদপুরে বেদে নারীদের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

বে/দে নারীদের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

 

চাঁদপুর প্রতিনিধি:
জেলা প্রশাসক বলেন, “সমাজসেবা অফিস আপনাদের নতুন স্বপ্ন দেখিয়ে তা বাস্তবায়নের পথ তৈরি করে দিয়েছে”
চাঁদপুরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় মৌলিক প্রশিক্ষণের সমাপনী এবং সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে শহরের কোড়ালিয়া রোডে জেলা সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে এ আয়োজন করে জেলা সমাজসেবা কার্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন নারী সদস্যের হাতে সেলাই মেশিন ও ১০ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বক্তব্যে বলেন, “সমাজসেবা অধিদপ্তর সবসময় অসহায় জনগণের পাশে কাজ করে। আজকে বেদে স¤প্রদায়ের নারীদের জন্য এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এতে তাদের জীবনে পরিবর্তন আনার পথ তৈরি হবে।” জেলা প্রশাসক আরও বলেন, “আপনারা নিজেরাই নিজেদের বদলে দেওয়ার চিন্তা করছেন, সেটিই বড় বিষয়।

কেউ জোর করে আপনাদের উন্নয়ন করতে পারবে না, যদি আপনাদের মধ্যে সেই ইচ্ছাশক্তি না থাকে। আজকের প্রশিক্ষণ ও সেলাই মেশিন একটি সুযোগ মাত্র—এই সুযোগকে কাজে লাগানো আপনাদের দায়িত্ব।” তিনি বেদে নারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বাল্যবিবাহকে না বলুন, নিজের স্বপ্নকে বাস্তব করতে অগ্রাধিকার দিন। এই প্রশিক্ষণ গ্রহণের মধ্য দিয়েই আপনারা প্রমাণ করেছেন, আপনারা চাইলে বদল আনতে পারেন।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলাম। সঞ্চালনা করেন সহকারী পরিচালক মো. বিল্লাল হোসেন।

বিশিষ্ট সমাজসেবক হাজী মো. মোশাররফ এবং প্রশিক্ষণপ্রাপ্ত বেদে প্রতিনিধি রোকেয়া বেগম বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে অতিথিদের হাত দিয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন ও ১০ হাজার টাকার নগদ অর্থ প্রদান করা হয়। জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ৪৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। প্রশিক্ষণে সেলাই কাজে প্রাথমিক দক্ষতা অর্জনের সুযোগ পান অংশগ্রহণকারী ২০ জন নারী। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটি করে সেলাই মেশিন ও ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়, যেন তারা নিজের পায়ে দাঁড়াতে পারেন। এ আয়োজন বেদে নারীদের আত্মনির্ভরতার পথে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন আয়োজকরা।

About Syed Enamul Huq

Leave a Reply