রংপুর ব্যুরোঃ
সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরে দিনব্যাপী পেনশন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৩ জুন) সকালে নগরীর ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরি মাঠে এই মেলার উদ্বোধন করেন অর্থ বিভাগের যুগ্ম সচিব ড. ম. ফেরদৌস আলম।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম (এনডিসি), রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
পরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল। সভায় সরকারি—বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা—কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।আলোচনায় বক্তারা বলেন, “সরকারের সর্বজনীন পেনশন স্কিম একটি যুগান্তকারী উদ্যোগ। এটি শুধু চাকরিজীবীদের জন্য নয়— দিনমজুর, কৃষক, দোকানদারসহ সব শ্রেণি—পেশার মানুষ এই স্কিমে যুক্ত হয়ে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।”এছাড়াও বক্তারা সর্বস্তরের জনগণকে এ বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
আলোচনা শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মেলায় সর্বজনীন পেনশন স্কিমে রেজিস্ট্রেশনের জন্য আলাদা বুথ স্থাপন করা হয়, যেখানে উপস্থিত আগ্রহীরা সরাসরি রেজিস্ট্রেশন করার সুযোগ পান।
উল্লেখ্য, সরকার ঘোষিত ‘সর্বজনীন পেনশন স্কিম’ ১৮ থেকে ৫০ বছর বয়সী সব নাগরিকের জন্য উন্মুক্ত। এতে নির্দিষ্ট পরিমাণ মাসিক চাঁদা প্রদান করে ভবিষ্যতে একটি নিরবচ্ছিন্ন আর্থিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
