ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে গত রবিবার আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় অংশ নিয়েছিলেন জেলার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা। পরদিন সোমবার কর্মস্থলে যান তিনি। সেখানে হঠাৎ অসুস্থবোধ করলে চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। এর পরদিন দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চলে গেলেন না ফেরার দেশে। আজ বুধবার সকাল ৭টার দিকে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
বাঞ্ছারামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া জানান, গত সোমবার কর্মস্থলে অসুস্থবোধ করলে চিকিৎসার জন্য ফেরদৌস আরাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি আরো জানান, ফেরদৌস আরা মাইগ্রেনজনিত সমস্যায় ভুগছিলেন। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তার মরদেহ কুমিল্লার দাউদকান্দি উপজেলার খান বাড়িতে দাফন করা হবে।
ফেরদৌস আরা ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। তিনি ২০২৫ সালের ৯ জানুয়ারি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।
ফেরদৌস আরার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় এবং শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। তার অকাল মৃত্যুতে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সকল সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক দলসহ এলাকাবাসী শোক প্রকাশ করেছেন।