সরকারের পক্ষ থেকে নির্দেশনা না আসা পর্যন্ত সারা দেশে বাসভাড়া বৃদ্ধি না করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার বাস মালিক সমিতির মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
এতে বলা হয়েছে, ডিজেলের দাম বৃদ্ধির অজুহাতে সরকারি সিদ্ধান্ত ছাড়া কোনোভাবেই বাসের ভাড়া বাড়ানো যাবে না। সরকারের পক্ষ থেকে বাসভাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় পরিবহন পরিচালনা ব্যয় অনেক বেড়েছে। এ ছাড়া ডলারের দাম বেড়ে যাওয়ায় গাড়ির যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ (মেইনটেন্যান্স) খরচ এখন আকাশচুম্বী। এই পরিস্থিতিতে পরিবহন খাতকে লোকসান থেকে বাঁচাতে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবসম্মতভাবে ভাড়া সমন্বয় করার জন্য সরকারের প্রতি বিশেষ আহ্বান ও জোর দাবি জানিয়েছে সমিতি।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
