খাগড়াছড়ি প্রতিনিধি:
“আমাদের কথা আমাদেরই বলার অধিকার আছে”—এই প্রত্যয়ে খাগড়াছির মিলনপুর হিলটপ গেস্ট হাউজে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী আন্তঃ প্রজন্ম সংলাপ।
জাবারাং কল্যাণ সমিতি ও ওয়াই মুভস প্রকল্পের আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তায় আয়োজিত এই আয়োজনে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার ও শিশু সুরক্ষা নিয়ে সরব আলোচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেরাছড়া এনসিটিএফ’র সাবেক সভাপতি জবা ত্রিপুরা। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা। শেফালিকা ত্রিপুরা বলেন, “যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা এখন সময়ের দাবি। কিশোর—কিশোরীদের নিজেদের শরীর ও অধিকার সম্পর্কে জানা সবচেয়ে জরুরি।”
উল্লেখযোগ্যভাবে, এই সংলাপে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী, জাবারাং—এর নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, প্রোগ্রাম কো—অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা, এনসিটিএফ প্রতিনিধি এবং স্থানীয় যুব সমাজের প্রতিনিধিরা।
আলোচনায় প্রজন্মের ব্যবধান ভুলে শিশুরা, কিশোর—তরুণ এবং অভিভাবকরা একসাথে নিজেদের অভিজ্ঞতা, দ্বিধা, ভয় ও আশার কথা শেয়ার করেন। এই আয়োজন সমাজে একটি ইতিবাচক বার্তা দেয়—সচেতনতা বাড়াতে চাই আন্তরিক সংলাপ, সব প্রজন্মের অংশগ্রহণে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
