স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, পলিসি অ্যান্ড কমপ্লায়েন্স বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ক্যাথরিন পোলার্ড। আজ শনিবার স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে সাক্ষাতকালে তারা নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা, রোহিঙ্গা ইস্যু, সংসদীয় অধিবেশন ও শান্তি মিশনে নারীদের অংশগ্রহণ বিষয়ে আলোচনা করেন।
সাক্ষাত্কালে স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিতকরণে বাংলাদেশ প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে একটি পরিবারের স্বামী-স্ত্রী উভয়ের যৌথ নামে ঘর প্রদান করা হচ্ছে, যার ফলে নারীর অধিকার সংরক্ষিত হচ্ছে।
প্রধানমন্ত্রী গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য নগদ ভাতা প্রদান করছেন। এ ছাড়াও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করেছেন, যা দেশের অতি দারিদ্রের হার কমাতেও সহায়ক হচ্ছে।
তিনি বলেন, চলমান জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমগুলো অতীতের শান্তিরক্ষা কার্যক্রমের বিপরীতে ক্রমশঃ জটিল ও ব্যয়বহুল হয়ে উঠছে। তারপরও শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় ভূমিকা রাখছে, যা খুবই প্রশংসনীয়।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
