নাটোর প্রতিনিধিঃ
‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ এই প্রতিপাদ্যকে ধারণ করে নাটোরের লালপুর উপজেলায় গতকাল বুধবার বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। পরিবেশের প্রতি দায়বদ্ধতা এবং প্লাস্টিক দূষণের ভয়াবহতা থেকে সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকাল থেকে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সমন্বয়ে একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস এবং জনসমাগমস্থলে পেঁৗছায়, যেখানে স্থানীয় মানুষ ও শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণে নিজেদের দায়িত্বশীল হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শিউলী আহমেদ, সমবায় অফিসার মোঃ আজিজুর রহমান, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দীন এবং অন্যান্য সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও এর মাধ্যমে সৃষ্ট পরিবেশ দূষণ প্রতিরোধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা উল্লেখ করেন, প্লাস্টিক বর্জ্য শুধুমাত্র পরিবেশ নয়, মানুষের স্বাস্থ্য এবং জীববৈচিতে্র্যর জন্যও মারাত্মক হুমকি স্বরূপ। এছাড়া সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ পর্যায়ে পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখতে আহবান জানানো হয়।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবেশবান্ধব জীবনযাপনের জন্য নিয়মিত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনার ঘোষণা দেওয়া হয়। আয়োজনকারীরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের কার্যক্রম পরিবেশ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আগামী প্রজন্মের জন্য পরিচ্ছন্ন ও সবুজ পৃথিবী নিশ্চিত করবে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
