চট্টগ্রাম প্রতিনিধি:
স্বতন্ত্র কাউন্সিল গঠন এবং স্বাধীনভাবে চক্ষু চিকিৎসা প্র্যাকটিসের আইনগত স্বীকৃতিসহ সাত দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজি (আইসিও)—এর শিক্ষার্থীরা। এসব দাবির প্রেক্ষিতে তারা শিক্ষা কার্যক্রম ও ক্লিনিক্যাল ওয়ার্ক বর্জন করে ইনস্টিটিউটের মূল ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন। গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে অবস্থিত আই ইনফার্মারি অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট প্রাঙ্গণে শিক্ষার্থীরা দিনভর এই কর্মসূচি পালন করেন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি দ্রুত দাবি পূরণ না হয়, তবে তারা ইনস্টিটিউটের সকল শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবেন।
শিক্ষার্থীরা জানান, অপটোমেট্রি একটি অবহেলিত হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা পেশা। যেখানে পেশাজীবীরা চোখের রোগ শনাক্ত, চিকিৎসা ব্যবস্থাপনা, লেন্স ও চশমা নির্ধারণ, থেরাপি ও রেফারেলসহ প্রাথমিক চক্ষু সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু বাংলাদেশে এখনো এই পেশার জন্য নেই স্বতন্ত্র আইন, কোনো আলাদা কাউন্সিল কিংবা স্বাধীনভাবে প্র্যাকটিসের সুযোগ। যার ফলে ডিগ্রিপ্রাপ্ত হয়েও শিক্ষার্থীরা ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বর্তমানে আইসিও—এর ব্যাচেলর অব সায়েন্স ইন অপটোমেট্রি কোর্সটি ফ্যাকাল্টি অব হেলথ টেকনোলজির অধীনে পরিচালিত হচ্ছে, যা পূর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধীনে ছিল। শিক্ষার্থীদের দাবি, এই স্থানান্তর পুরোপুরি অযৌক্তিক এবং আন্তর্জাতিক মানের পরিপন্থী।
তাদের সাত দফা দাবির মধ্যে রয়েছে: অপটোমেট্রি প্রোগ্রামকে আবারও মেডিসিন অনুষদের অধীনে নেওয়া অথবা স্বতন্ত্র ফ্যাকাল্টি গঠন, এক বছর মেয়াদি বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালু, ডিগ্রিকে এমবিবিএস ও বিডিএস—এর সমমানের স্বীকৃতি এবং অনার্স নম্বর বৃদ্ধি, স্বতন্ত্র অপটোমেট্রি কাউন্সিল গঠন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান, স্বাধীনভাবে প্র্যাকটিসের আইনগত অধিকার নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলাম প্রণয়ন এবং তৃতীয় বর্ষ থেকে ক্লিনিক্যাল সংযুক্তি চালু, এবং হাইকোর্টের রায়ের আলোকে পেশাটির আইনি স্বীকৃতি বাস্তবায়ন।
এই বিষয়ে আইসিও পরিচালক অধ্যাপক খুরশিদ আলম বলেন, “শিক্ষার্থীরা যে দাবিগুলো তুলেছে, তার বেশিরভাগই যৌক্তিক। আমরা গভর্নিং বডির সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য সমাধানে পেঁৗছাতে কাজ করছি।”
দৈনিক সকালবেলা National Daily Newspaper
